সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ সূত্র জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে র্যাব-৯, সিপিসি-১, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের পূর্ব রোকনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রোকনপুর এলাকার একটি পুকুরের আশপাশে ব্যাপক তল্লাশি চালানো হয়।একপর্যায়ে পুকুর ঘাটের সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।তবে উদ্ধারকৃত রিভলবারের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিদেশি রিভলবার সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
একই সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply